খবর বাংলা ডেস্ক :
দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এ পর্যন্ত ২৯ হাজার ৮২৯ জনকে সরকারি খরচায় সেবা দেওয়া হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু করা হয়। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়।
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৮২৯ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৭১টি আইনি পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ৪ হাজার ৪৪৯টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় ৩ হাজার ৩০৯টি মামলার উদ্যোগ নেওয়া হয় এবং এর মধ্যে ১ হাজার ৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা প্রদান করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর কার্যক্রম পরিচালিত হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগের অধীনে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











