খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বঙ্গভবন সূত্রের বরাতে জানা গেছে, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগামী শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি সরকারিভাবে নয়, মৌখিকভাবে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ ধরনের দাবিকে নাকচ করেছেন।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তার অপসারণের দাবি জানালেও সে বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











