খবরবাংলা ডেস্ক :
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা হয়। এরপর ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ প্রথাগত বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়।
আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর প্রবারণা পূর্ণিমা পালিত হয়। উৎসবে অংশ নিয়ে বিহারে সমবেত ভক্তরা গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।
দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক এক আলোচনা সভা এবং সন্ধ্যায় আলোকসজ্জার পাশাপাশি রঙ-বেরঙের ফানুস ওড়ানোর কর্মসূচি রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











