সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই টাকা ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নাঈম সিকদারের বাবা সাত্তার সিকদারের হাতে চিকিৎসা সহায়তার টাকা তুলে দেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই-তিন দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারটি দুশ্চিন্তায় পড়ে। বিষয়টি জানতে পেরে নাঈমের সহপাঠীরা পাসের আনন্দে মিষ্টিমুখ না করে তার মায়ের চিকিৎসায় সহায়তার সিদ্ধান্ত নেয়।
এ উদ্যোগে শুধু এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই নয়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকও অংশ নেন। সব মিলিয়ে নাঈমের মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ হাজার এবং অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা ২০ হাজার টাকা দেন।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন বলেন, “পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।”
নাঈম সিকদার তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে সহপাঠী, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে তিনি আবেগাপ্লুত। নাঈমের মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।











