টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের আসামি করায় স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে নানা প্রশ্ন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজার এলাকায়। গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চার সাংবাদিক গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে একটি বাড়িতে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাঁদের দাবি।
সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ভিডিও ধারণের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় যুবদল নেতা জাহিদ তাঁদের বাজারে নিয়ে যান। সেখানে দুই শতাধিক লোক জড়ো করে তাঁদের আটকে রাখা ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
সাংবাদিকদের অভিযোগ, মাদক সেবনের ভিডিও ধারণ করায় তাঁদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। তাঁদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
অন্যদিকে মামলার বাদী ফজলুর রহমান ফজলু দাবি করেছেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে যাঁদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে, তাঁদের কাউকে মামলায় আসামি করা হয়নি কেন—এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য –
এ প্রসঙ্গে সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদাদাবি এবং চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে৷ তবে যার কাছ চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেন মামলার বাদি হননি? এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি তিনি৷
আলোচনা-সমালোচনা ও দাবি –
এদিকে, মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ কতটা সত্য—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে মাদকসেবীদের পক্ষে একজন রাজনৈতিক নেতার মামলার বাদী হওয়ার ঘটনাও সমালোচনায় এসেছে।
সাংবাদিকদের অভিযোগ ও মামলার বাদীর বক্তব্যের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।










