খবরবাংলা ডেস্ক :
সরকারি সফরে সৌদি আরব গেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন তারা।
সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ এবং বিভিন্ন সহযোগিতার বিষয়েও মতবিনিময় করার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নৌবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











