নিজস্ব প্রতিবেদক :
টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের কলকাতার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত কয়েকদিনের চিকিৎসায় তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
৫ আগস্টের পর থেকে কলকাতায় পালিয়ে নির্বাসিত জীবনযাপন করা বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের অসুস্থতা, হাসপাতালে ভর্তি ও বর্তমান অবস্থার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছে একশ্রেণীর ফেসবুক সাংবাদিক অভিযোগ করেছেন তার পরিবার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা সম্পূর্ণ গুজব বলে অভিহিত করেছেন তারা। বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে টাঙ্গাইলবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
অপর একটি সূত্র জানায়, জোয়াহেরের পরিবারের কাছ থেকেই তার মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়েছে। সূত্রটি জানায়, তার ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান কয়েকদিন আগে সাংবাদিকদের কাছে মৃত্যুর খবরটি জানান।
এদিকে জোয়াহেরুল ইসলামের মেয়ে জাকিয়া ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এই বিষয়ে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মালিক সমিতির সাবেক মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের কলকাতার ফিনিক্স হাসপাতালে ভর্তি আছেন। উনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, ফলে শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি টাঙ্গাইলবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।











