খবরবাংলা ডেস্ক :
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের পূর্বনির্ধারিত সময় ছিল ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত।
তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে নির্ধারিত সময়ে অনেকে আবেদন করতে পারেননি বলে জানা যায়। এ কারণে আবেদনকারীদের সুবিধার্থে সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।
আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন আবেদন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।











