খবরবাংলা ডেস্ক :
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতেও জামিন পাননি তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার তাঁর জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও ডনের জামিন আবেদন নাকচ হয়েছিল।
জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে আত্মহত্যার বিষয়টি উঠে আসে। এ ছাড়া দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় ডনের জামিন চাওয়া হয়।
অন্যদিকে, মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ডন মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে তাদের ধারণা। তদন্ত কর্মকর্তাদের দাবি, সালমান শাহর সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তাঁর মৃত্যু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে ডন বিভিন্ন তথ্য জানতেন। তাঁর আচরণ ও বক্তব্য বিশ্লেষণ করে মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও তদন্ত আবেদনে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৭ আগস্ট আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি, আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











