কালিহাতী সংবাদ দাতা
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ, কালিহাতীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, স্মরণসভা এবং দোয়া মাহফিল।
সকালে ঢাকার বনানী কবরস্থানে শাজাহান সিরাজের কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালিহাতীতে তার প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর কালিহাতী শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন’-এর হলরুমে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন শাজাহান সিরাজের সহধর্মিণী ও নারী নেত্রী রাবেয়া সিরাজ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা, অনুসারী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শাজাহান সিরাজের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং রাজনৈতিক সংগ্রামের নানা স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে অসুস্থ অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ।











