খবরবাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এ সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











