খবর বাংলা ডেস্ক :
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৩ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।হজ বুলেটিন অনুযায়ী, মৃত ১০ জনের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট বাংলাদেশে পৌঁছাবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











