খবর বাংলা ডেস্ক :
তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ২ মে সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই দিনে তিনি সদর উপজেলার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেন।
এর আগে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
জানা গেছে, একসময় জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











