খবরবাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। অর্থাৎ নতুন আক্রান্তের মোট সংখ্যা ৮৩৩।
এ সময় নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জন।
এ সময় মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











