খবরবাংলা ডেস্ক :
উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে এবং কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তাই নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাকিবুল হাসান বলেন, “পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যেসব অংশ ঝুঁকিপূর্ণ, সেগুলো দ্রুত মেরামতের কাজ চলছে।”
তথ্য সূত্র : কালের কণ্ঠ











