খবরবাংলা ডেস্ক :
২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সিগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ভয়াবহ ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ। ওইদিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়।
প্রায় আধা ঘণ্টার ব্যবধানে চালানো এই সিরিজ হামলায় দুজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার অন্যতম লক্ষ্য। এর মধ্যে হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাবসহ সরকারি ও আধা-সরকারি স্থাপনা উল্লেখযোগ্য।
বোমা বিস্ফোরণের পাশাপাশি বিভিন্ন স্থানে জেএমবির সদস্যরা লিফলেট ছড়িয়ে নিজেদের অবস্থান ও বার্তা প্রচারের চেষ্টা করে। মূলত দেশব্যাপী সমন্বিত হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়াই ছিল সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
ঘটনার পর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ব্যাপক চাপ তৈরি হয়। শুরু হয় দেশব্যাপী সাঁড়াশি অভিযান। ধারাবাহিক অভিযানে জেএমবির শীর্ষ পর্যায়ের নেতাদের একে একে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলাসহ বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের মামলায় জেএমবির শীর্ষ ছয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সমন্বিত জঙ্গি হামলা হিসেবে ১৭ আগস্টের সেই ঘটনা এখনো স্মরণীয় হয়ে আছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











