টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বক্তব্যে তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি এবং সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।











