মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ টন রড ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সাভারের যাদুরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তারা দু’জনই কেরানীগঞ্জের করেরগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-১৬৩৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বাজারের উদ্দেশে রওনা দেয়। পরদিন ভোর সাড়ে ৭টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে।
এ সময় প্রাইভেটকারে থাকা ছয়জন ডাকাত ট্রাকচালক নান্নু ও হেলপার আবু জাফরকে চোখ বেঁধে তুলে নেয় এবং গাজীপুরের বাগবাড়ি এলাকায় ফেলে রেখে রডভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের যাদুরচর এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং খালি অবস্থায় ট্রাকটি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর এলাকায় শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে লুণ্ঠিত ১৪ টন রড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রডের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।











