খবর বাংলা ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দেশে এমন একটি পক্ষ রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের পরাজিত করে বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের সাফল্যও ব্যর্থ হয়ে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা-১১ আসনের নাগরিক সুবিধার ঘাটতির কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই। বাড্ডা ও ভাটারা এলাকার বড় অংশের মানুষ ক্ষুদ্র ব্যবসা ও দিনমজুরির সঙ্গে যুক্ত। এখানে শিক্ষিত বেকারের হার ৮ থেকে ১০ শতাংশ। স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বেসরকারি খাতনির্ভর বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, পুরো আসনে কোনো সরকারি হাসপাতাল নেই এবং সরকারি হাইস্কুলও নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বড় অংশ জলাবদ্ধতায় তলিয়ে যায় বলেও জানান তিনি।
সভায় এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচনের সময় এমন প্রতিশ্রুতি দিচ্ছে যা বাস্তবতার সঙ্গে মিল নেই। বিভিন্ন জেলায় আগে থেকেই থাকা স্থাপনা বা প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের বাস্তব সমস্যা না জেনে প্রতিশ্রুতি দিলে তা কার্যকর হবে না বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
তথ্য সূত্র : যমুনা টিভি











