গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নন্দনপুর ভুয়ারচক এলাকায় একটি মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেহেরীর আগে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিউলী বেগম মাইজবাড়ী এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। তিনি সম্প্রতি নন্দনপুর ভুয়ারচক এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্বে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সময় তিনি মাদ্রাসার রান্নাঘরে সেহেরীর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চুলার আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।











