দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে টাঙ্গাইলের চার যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ নোটিশটি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে নোটিশটি প্রেরণ করেন।
নোটিশটি গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় স্বাক্ষর করা হয়েছে। নোটিশে টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা যুবদলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তাদের ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা ও উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা সত্ত্বেও তারা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিধি বহির্ভূতভাবে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। বিষয়টি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এমন কর্মকা-ের জন্য কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নিকট উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ বলেন, নাগরপুরের দুইটি ইউনিয়নে দুইজন সদস্যকে কমিটিতে অন্তর্ভূক্ত করার বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে যথাযথভাবে ও যথাযথ সময়ে জানানো হয়নি। তাই কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির আহবায়ক, ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আগামীকাল স্বশরীরে উপস্থিত হয়ে তার জবাব দিবেন বলে জানান আহবায়ক।











