খবর বাংলা ডেস্ক :
দেড় বছরের পুরোনো দুঃখ ঘোচানোর সুযোগ পেয়েছে ভারত। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে হেরে যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই মাঠেই আজ আরেকটি ফাইনালে মাঠে নামছে ভারত। এবার ভিন্ন সংস্করণে এবং ভিন্ন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বেন সূর্যকুমার যাদবরা।
ফাইনালের আগের দিনই মানসিক লড়াই শুরু করে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সংবাদ সম্মেলন শেষে আহমেদাবাদের উইকেটের ছবি তুলতে দেখা যায় তাকে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও একই কাজ করতে দেখা গিয়েছিল।
সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, ‘সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই। তবে এতে আমাদের কিছু যায় আসে না। ছোট ছোট কাজ ঠিকভাবে করতে পারলে এবং দলগতভাবে ভালো খেলতে পারলে ট্রফি জেতার অবস্থানে পৌঁছানো সম্ভব। আর ট্রফি জিততে গিয়ে যদি কিছু মানুষের মন ভাঙতে হয়, তাতে আমার আপত্তি নেই।’
কিউই অধিনায়কের এমন মন্তব্যের জবাবে খোঁচা দিতে ছাড়েননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘সবাই এখন একই ধরনের কথা বলছে। নতুন কিছু বলুন না!’
তবে কথার লড়াই থাকলেও উইকেট নিয়ে দুই অধিনায়কের ভাবনা প্রায় একই। ব্যাটারদের জন্য সহায়ক উইকেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত আগে ব্যাট করলে ২৫০ রানের কাছাকাছি স্কোর করতে চায় বলে জানান সূর্যকুমার। অন্যদিকে স্যান্টনারের লক্ষ্য, ভারতকে ২২০ রানের মধ্যে আটকে রেখে ম্যাচে জয়ের সুযোগ তৈরি করা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











