মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন গ্রামের চিত্ত রঞ্জন শীল ও লক্ষণ শীল। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুই পরিবারের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে অবহিত করেন। তার নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।
বিকেলে হযরত আলী মিঞার উপস্থিতিতে চিত্ত রঞ্জন শীলকে ৩ বান্ডেল এবং লক্ষণ শীলকে ২ বান্ডেল ঢেউটিন দেওয়া হয়।
মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান জানান, বরাদ্দ অনুযায়ী প্রতিটি বান্ডেল ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে।











