কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রি কার্যক্রম বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ।
অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি অনুমোদন ছাড়াই প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটার অকটেন এবং ২ হাজার লিটার পেট্রোল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখে। এতে স্থানীয়ভাবে জ্বালানি সংকট তৈরির আশঙ্কা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করে এবং দ্রুত স্বাভাবিকভাবে জ্বালানি বিক্রি শুরু করার নির্দেশ দেয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।











