খবর বাংলা ডেস্ক :
‘আর্টডক ডে-১/২০২৬’ উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সেনাপ্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণামূলক উদ্যোগ সরাসরি পরিদর্শন করেন।
এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি সময়োপযোগী বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং এসব প্রযুক্তির প্রসারে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেনারেল ওয়াকার-উজ-জামান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন। তিনি আধুনিক রণকৌশলে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল গ্রন্থাগার ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়ার কমান্ডারসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।











