টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলাতুন্নেছা জোহা ছাত্রী হলে আকস্মিক তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করেছে হল প্রশাসন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ইন্ডাকশন চুলা, রাইস কুকার ও হিটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, দুপুর ১২টার দিকে হল প্রশাসন ফজিলাতুন্নেছা জোহা হলের ৮ম, ৯ম ও ১০ম তলায় অভিযান চালায়। এ সময় শিক্ষার্থীদের কক্ষ থেকে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি জব্দ করে হল অফিসে নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের খাবারের মান নিম্নমানের হওয়ায় বাধ্য হয়েই তারা রুমে অতিরিক্ত খাবার রান্না করেন। তাদের দাবি, হলে সরবরাহ করা খাবার দিয়ে একজন শিক্ষার্থীর ন্যূনতম পুষ্টির চাহিদাও পূরণ হয় না। এছাড়া গ্যাস সংযোগ না থাকায় তারা বিকল্প হিসেবে ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করছিলেন।
এক আবাসিক শিক্ষার্থী জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হল প্রশাসন কক্ষে ঢুকে সরঞ্জাম নিয়ে গেছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অসুস্থ এক শিক্ষার্থী অভিযোগ করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ডিম সিদ্ধ খাওয়ার প্রয়োজন থাকলেও কুকার জব্দ করায় তিনি সমস্যায় পড়েছেন।
এছাড়া অভিযানে একজন পুরুষ হাউস টিউটরের উপস্থিতি নিয়েও আপত্তি তুলেছেন ছাত্রীরা। তাদের মতে, মেয়েদের আবাসিক হলে বিনা নোটিশে পুরুষ শিক্ষকের প্রবেশ বিব্রতকর এবং অনভিপ্রেত।
শিক্ষার্থীরা আরও জানান, হলের মিলের খাবারের মান দীর্ঘদিন ধরেই খারাপ। কখনও কাঁচা মাছ, কখনও অপর্যাপ্ত তরকারি পরিবেশন করা হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী মিলের খাবার এড়িয়ে ব্যক্তিগতভাবে রান্না করতে বাধ্য হচ্ছেন।
অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. চাঁদ সুলতানা খাতুন বলেন, বৈদ্যুতিক হিটার ব্যবহারের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি চালানো হয়েছে। পূর্ব নোটিশ দিলে অনেকেই সরঞ্জাম লুকিয়ে ফেলতে পারত, তাই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সরঞ্জাম শিক্ষার্থীদের সতর্ক করার উদ্দেশ্যে সাময়িকভাবে অফিসে রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হলের খাবারের মান উন্নয়নে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং গ্যাস সংযোগ নিশ্চিতের বিষয়েও চেষ্টা চলছে।











