মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। একই দিনে ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রী।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৯০৭ জন ছাত্র এবং ২ হাজার ৬৬ জন ছাত্রী।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব জানান, সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।











