খবর বাংলা ডেস্ক :
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এ দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনাসভার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে।
সংগঠনের নেতারা জানান, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক চাপে রয়েছেন। অধিকাংশই ঋণের বোঝা বহন করছেন এবং মাস শেষে প্রাপ্ত বেতন দিয়ে স্বল্প সময়ের বেশি সংসার চালানো সম্ভব হচ্ছে না।
তাদের দাবি, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না থাকলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। দেশের উন্নয়নে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর ভূমিকা থাকলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে বেতন কমিশন সংশ্লিষ্ট পুনর্গঠিত কমিটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এ সুপারিশের বাস্তবায়ন শুরু হতে পারে।
কমিটির সুপারিশ অনুযায়ী, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হবে এবং প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











