খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমা।
এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমান, সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস. এম. মাহবুবুল আলম, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











