দেলদুয়ার সংবাদ দাতা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণ সহায়তা প্রদান এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেলদুয়ার উপজেলা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যুথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুর রহমান, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজাহারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান অপু তালুকদার শিপলুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে উপজেলার তিনটি সমিতির মধ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিআরডিবির ম্যানেজারদের কমিশন প্রদান এবং উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।











