গোপালপুর সংবাদ দাতা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান এবং গোপালপুর থানার (তদন্ত) ওসি সালাউদ্দিন আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক কৃষির প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।











