খবরবাংলা ডেস্ক :
বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের করা আপিল খারিজ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবারও হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না এই ফরাসি তারকা।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ফিফা তাদের আপিল গ্রহণ করেনি। প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন ওলিসে। যদিও রিপ্লেতে দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য শারীরিক সংস্পর্শ দেখা যায়নি।
ওলিসের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে, চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশম।
মরক্কোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ফরাসি কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তার মনোযোগ শুধুই দলের পারফরম্যান্সে।
উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম এই টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়বেন। তাই মরক্কোর কাছে হারলে সেটিই হবে ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
তথ্য সূত্র : যমুনা টিভি











