খবরবাংলা ডেস্ক :
এশিয়ার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আজ (১২ জুলাই) ১১ দিনের গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সফরকালে তিনি দেশের বিভিন্ন স্থানে আয়োজিত দ্বীনি সেমিনার, ইসলামী চিন্তা ও গবেষণাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া সমসাময়িক ইসলামী চিন্তা, শিক্ষা ও সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
সফরের অন্যতম আকর্ষণ আগামী ১৮ জুলাই রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আল্লামা নোমানী। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।
রাজধানীর কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সফরেও তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এ সময় তিনি দেশের ঐতিহ্যবাহী দুটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান—হাটহাজারী ও পটিয়ার বৃহৎ মাদরাসা পরিদর্শন করবেন এবং সেখানকার আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৯৫৫ সালে ভারতের লখনউয়ে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুম্বাইয়ের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রিসার্চ ইনস্টিটিউট এবং জামিয়া দারুল উলুম ইমামে রব্বানী-এর পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ইসলামী গবেষণা, শিক্ষা, সমসাময়িক মুসলিম সমাজ এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











