টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি মোবাইল ফোন ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল গ্রামের শাহ আলমের ছেলে আরিফ (৩২) এবং টাঙ্গাইল সদর উপজেলার পাড়কুশিয়া গ্রামের শহীদের ছেলে সাজ্জাত (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় একটি হাইড্রোলিক জ্যাক, হাইড্রোলিক কাটার, দুটি লোহার পাইপ, একটি রেঞ্জ, একটি প্লাস, একটি চাকা খোলার রিং, একটি মোবাইল ফোন এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










