খবরবাংলা ডেস্ক :
সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাগুলোকে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মতভাবে অর্জন ও কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে নেওয়া কার্যকর পদক্ষেপগুলোকেও ১৮০ দিনের অর্জনের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, জনকল্যাণভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য।
মীর শাহে আলম জানান, গত ১৮০ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনগণের জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব যথাযথভাবে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত উদ্যোগগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ দর্শনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীসহ সারা দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও টেকসই করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা ওয়াসা, বিভিন্ন সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











