খবরবাংলা ডেস্ক :
জাপানের কিউশু দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পের কেন্দ্র ছিল কুমামোতো সিটি। শক্তিশালী কম্পনে শহরের একটি বড় শপিং মল ধসে পড়ে। ভবনটির একাংশে বিস্ফোরণের ঘটনাও ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া শহরের একটি পেপার মিলের উঁচু চিমনি ধসে পড়েছে। ভূমিকম্পে অন্তত ৫০টি চিকিৎসাকেন্দ্র ও স্বাস্থ্যসেবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালের অংশও ধসে পড়েছে।
ভূমিকম্পের পর কুমামোতোসহ আশপাশের এলাকায় প্রায় ৪০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতায় তিন হাজার ৫০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং হতাহতের সংখ্যা নিরূপণের কাজও চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











