খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে স্বাগত জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলের এ সফর দুই দেশের জনশক্তি খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ সফর ইতিবাচক অবদান রাখবে বলে আশা করছে সংস্থাটি।
বিমানবন্দরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রতিনিধি দলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে প্রতিনিধি দলের সঙ্গে জনশক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে। এসব আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান কর্মসংস্থান সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছে বোয়েসেল।
প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











