খবরবাংলা ডেস্ক :
জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে।’
সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, ‘ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন তারা বিভিন্নভাবে ফটোকার্ড ও ভিডিও তৈরি করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে।’
তিনি বলেন, বর্তমান সময়ে জনগণ আন্দোলন-সংগ্রামের রাজনীতি পছন্দ করছে না। তার ভাষায়, ‘১৭ বছরের ফ্যাসিবাদ জনগণ আন্দোলনের মাধ্যমে হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব ছেড়ে দিলে দেশের নেতৃত্ব কে দেবে—এ প্রশ্নও গুরুত্বপূর্ণ। তার মতে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বিএনপি সরকার ছাড়া দেশের নেতৃত্ব দেওয়ার মতো অন্য কোনো বিকল্প নেই।
এনসিপির সমালোচনা করে নুরুল হক নুর বলেন, দলটি বর্তমানে রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এনসিপি নিজেদের শক্তিতে রাজনীতি করছে না; বরং একটি বিদেশি গোষ্ঠীর প্রভাবের কারণে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে চাপে ফেলতে চাইছে।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল না হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











