খবরবাংলা ডেস্ক :
ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রস্তাবিত কেৎসিওত কারাগারের চারপাশে কুমির ভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। প্রাণী কল্যাণ সংক্রান্ত একটি আবেদনের পর রোববার জেরুজালেম জেলা আদালত এ আদেশ দেন।
**দ্য টাইমস অব ইসরায়েল**–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী কল্যাণ সংস্থা **‘লেট দ্য অ্যানিম্যালস লিভ’** আদালতে আবেদন করে দাবি করে, কুমির একটি সংরক্ষিত প্রাণী এবং নিরাপত্তার কাজে সেগুলো ব্যবহারের আইনি ভিত্তি নেই। এর পরিপ্রেক্ষিতে আদালত কেৎসিওত কারাগারের নিরাপত্তা এলাকায় কুমির স্থানান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
দক্ষিণ ইসরায়েলের মরুভূমি এলাকায় অবস্থিত কেৎসিওত কারাগারে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বন্দি রয়েছেন। আদালতের সিদ্ধান্তের পর সমালোচকদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। তাদের প্রশ্ন, প্রাণী কল্যাণের বিষয়টি গুরুত্ব পেলেও বন্দিদের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে একই মাত্রার উদ্বেগ কেন দেখা যায় না।
বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, কুমির ব্যবহারের এই পরিকল্পনা মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। তার মতে, এটি ফিলিস্তিনিদের প্রতি কিছু কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতার দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
মানবাধিকার সংস্থা **কেইজ ইন্টারন্যাশনাল**–এর পরিচালক মোয়াজ্জাম বেগও এ পরিকল্পনার সমালোচনা করে বলেন, একবিংশ শতাব্দীতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কুমির ব্যবহারের চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আরও বাড়াতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বেন-গভিরের এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আটককেন্দ্রের নিরাপত্তা মডেল থেকে অনুপ্রাণিত। তবে সমালোচকদের দাবি, এমন ব্যবস্থা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরই মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কেৎসিওত কারাগারে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। **বি’ৎসেলেম**, **হিউম্যান রাইটস ওয়াচ** এবং **জাতিসংঘ**সহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের কারাগার ব্যবস্থায় বন্দিদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করেছে।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৬০০–এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











