খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত উন্নয়ন এখনো পুরোপুরি অর্জিত হয়নি। এখন দেশ গঠন ও জনগণের কল্যাণে কাজ করার সময়।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি অর্থনীতিকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে কক্সবাজারের মাতারবাড়ী থেকে বাঁশখালীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারিভাবে নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুর ২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে। বাঁশখালীর লবণচাষিরাও শিগগিরই এই সুবিধার আওতায় আসবেন।
চট্টগ্রামের সমুদ্র উপকূলকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, চীন সরকার এখানে বিনিয়োগ করবে। মিরসরাই থেকে সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, উপকূলে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে। এসব শিল্পপ্রতিষ্ঠানে চট্টগ্রামের বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সমাবেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।
পরে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এরপর হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











