দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক কার্টুন মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে দেলদুয়ার উপজেলা সদরের উত্তর বাজারে আজমিরী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুতের বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে আজমিরী এন্টারপ্রাইজের ডিলার জাহাঙ্গীর হোসেন তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কয়েক কার্টুন মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।
অভিযানে দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা নাসরিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











