টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও তরুণদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। ‘ব্যুরো বাংলাদেশ’-এর টাঙ্গাইল আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথি।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স শুধু তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ায় না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অর্থের সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ তৈরি হয়।
দিনব্যাপী এ মেলায় প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম ও সেবা তুলে ধরে। পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনী করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী পরিবারগুলোর মধ্যে রেমিট্যান্সের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবা পরিচিত করার সুযোগ তৈরি হবে।











