খবরবাংলা ডেস্ক :
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এ সেবায় প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে।
তবে সার্ভিস চালুর পরদিন বুধবার এক নারী চালক গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড গরমে এসি ছাড়া বাস চালানো কঠিন। অটোরিকশার মতো ছোট গাড়ি হলে আরও ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। নিজের অভিজ্ঞতা সম্পর্কে ওই চালক বলেন, তিনি পেশাদার চালক এবং গাড়ি চালানোই তাঁর কাজ।
যেসব রুটে চলবে পিংক বাস
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত করে বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
- তালতলা-মতিঝিল
- ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
- মিরপুর-১০-মতিঝিল
- মিরপুর-১২-মতিঝিল
- মিরপুর-মতিঝিল
- মোহাম্মদপুর-মতিঝিল
- আব্দুল্লাহপুর-মতিঝিল
- গাজীপুর-বিমানবন্দর
নতুন বাজার-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর ও মধ্য বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
মিরপুরের বিভিন্ন রুটের বাসগুলো মিরপুর-১০, মিরপুর-১২, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও প্রেস ক্লাব হয়ে মতিঝিলে চলাচল করবে। মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউ মার্কেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।
এ ছাড়া আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে বাস চলবে।
ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে পিংক বাস চলাচল করবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











