খবরবাংলা ডেস্ক :
বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য নিয়ে আলোচনা করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, আগে ১৯৯ টাকা লিটারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ২০৪ টাকা। ফলে প্রতি লিটারে ভোক্তাদের অতিরিক্ত ৫ টাকা গুনতে হবে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে, পাম অয়েলের দামে এবার কোনো পরিবর্তন আনা হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











