খবরবাংলা ডেস্ক :
সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে উল্লেখ করে শিক্ষার্থীদের আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের কার্যক্রম দেখতে আসা রাজধানীর সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই এ সময়ের আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গু থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম দেখতে সংসদ ভবনে আসে। তারা দর্শক গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করে। পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সমবেত হলে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জানান, পরিবেশ রক্ষা এবং নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
জনস্বাস্থ্য ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ দিন বা জন্মদিনে একে অন্যকে গাছের চারা উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি জানান, দেশের পরিবেশকে সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আত্মীয়-স্বজনের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেসব দেশের নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। বাংলাদেশকেও পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।
তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, বন্ধু বা স্বজনদের কেউ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেললে তাদের নিরুৎসাহিত করতে। পাশাপাশি নিজেরাও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন রাখার পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে। বাসা ও আশপাশ পরিষ্কার রাখলে ধীরে ধীরে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











