খবরবাংলা ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম।
রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে প্রচার বা শেয়ার করা উচিত নয়। গুজব কিংবা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারি করছে।
কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মণ্ডপের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।
প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।
নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আলাদা সহায়তা ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়।
সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘সম্প্রীতি কমিটি’ গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য বলা হয়। মসজিদে আজান ও নামাজের সময় মণ্ডপগুলোতে বিশেষ সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











