খবরবাংলা ডেস্ক :
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ এবং দেশের অগ্রযাত্রাকে গুরুত্ব দিয়ে বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের বন্দরগুলোকে আরও ব্যবসাবান্ধব করে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নবিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব থাকলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই দেশের বন্দরগুলোর কার্যক্রম আরও কার্যকর ও ব্যবসাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সেমিনারে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বন্দরকেন্দ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শ্রমিক ও স্থানীয় জনগণের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, কার্যকর বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন দেশের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং বন্দরসংশ্লিষ্ট সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











