খবরবাংলা ডেস্ক :
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর শনিবার গভীর রাতে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে মুক্তির পর ঘটনাটিকে আটক নয়, ‘অপহরণ’ বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই ইউটিউবার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশের এক কর্মকর্তা।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল। এ সময় তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরার কথা বলেন।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ এদিকে ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছিল রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নিতে আন্দোলনকারীদের জন্তর মন্তরে যাওয়া ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
এ পরিস্থিতির মধ্যেই গুরুগ্রামে নিজের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ঘটনাটিকে ‘অপহরণ’ হিসেবে বর্ণনা করেছেন ধ্রুব রাঠি। তার এই বক্তব্যের বিষয়ে পুলিশের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।











