খবরবাংলা ডেস্ক :
পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি। সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক এবং যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী হবে।
এ সময় ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক উদ্যোগ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
পাশাপাশি ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সাফল্যের চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত নিরাপত্তা ও অধিকার সুরক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন এবং সামাজিক সমস্যা মোকাবিলায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তথ্য সূত্র : যমুনা টিভি











