বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভবিষ্যতে জাপানকে আরও ঘনিষ্ঠভাবে পাশে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে অংশ নেন দুই দেশের সরকারপ্রধান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই এখন মূল লক্ষ্য।
যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। এ ছাড়া বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সানায়ে তাকাইচি আরও জানান, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিআইজি-বি) উদ্যোগকে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়েছে।
এর আগে, জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে স্বাগত জানান।
তথ্য সূত্র : যমুনা টিভি











